শিক্ষাশিরোনাম

অধ্যক্ষকে পুকুরে ফেলে হত্যা চেষ্টা, বিক্ষোভ-ক্লাস বর্জন

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহমেদকে পুকুরের পানিতে ফেলে হত্যার চেষ্টার প্রতিবাদে ক্লাস বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
রবিবার বেলা ১০টা থেকে নগরীর সপুরা সংলগ্ন পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের সামনের রাজশাহী-নওগাঁ মহাসড়কের পাশে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন। পরে শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচিতে পলিটেকনিকের শিক্ষকরাও যোগ দেন।
মানববন্ধন শেষে ৫ দফা দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হচ্ছে, অভিযুক্ত শিক্ষার্থীদের দ্রুত বিচার করতে হবে, জড়িতদের স্থায়ীভাবে ছাত্রত্ব বাতিল করতে হবে, পলিটেকনিকে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে, কলেজে বহিরাগত শিক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে, ক্যাম্পাসে সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।
এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে আটক ২৫ জনের মধ্যে থেকে ভিডিও ফুটেজ ও অধ্যক্ষের তথ্যের ভিত্তিতে ৫ জনকে চিহ্নিত করে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। তারা সবাই ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত বলে পুলিশ জানিয়েছে। এ বিষয়ে নগরীর চন্দ্রিমা থানার ওসি শেখ গোলাম মোস্তাফা বলেন, পলিটেকনিক ক্যাম্পাস থেকে সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আসামিদের আইনের আওতায় আনা হবে।
শনিবার দুপুরে অকৃতকার্য শিক্ষার্থী ছাত্রলীগ নেতা সৌরভকে পরীক্ষা দেওয়ার সুযোগ না দেওয়ায় বেলা ১১টার দিকে অধ্যক্ষ ফরিদ উদ্দিনের সঙ্গে তার কার্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। পরে দুপুরে জোহরের নামাজ পড়ে অফিসে ফেরার সময় ছাত্রলীগ নেতা সৌরভ ও তার সহযোগীরা অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত করে এবং টেনেহিঁচড়ে ক্যাম্পাসের ভেতরের একটি পুকুরের পানিতে ফেলে দেয়।
ঘটনাস্থলের অদূরে থাকা ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজে দেখা যায়, অন্তত ১০ জন শিক্ষার্থী অধ্যক্ষকে ধরে চ্যাংদোলা করে পুকুরের দিকে নিয়ে যাচ্ছে। মূহুর্তের মধ্যেই তারা অধ্যক্ষকে পুকুরের পানিতে ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় অধ্যক্ষ সাঁতরে পুকুরের কিনারে আসলে ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা তাকে টেনে তোলে।
ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button