
‘আইন-শৃঙ্খলা পরিস্থিত যথেষ্ট উন্নত’, ‘সরকার বিরোধি কর্মকাণ্ড’ ইত্যাদি বলে অতীতের ঘটনাকে পাশ কাটানোর ফলে পরিস্থিতি আজ জটিল রূপ নিয়েছে। যা চলছে আর যা ঘটছে তা আরও দুর্গতি ডেকে আনবে। একটা বড় ধরনের গণতান্ত্রিক সংস্কার এবং তার পরিপূরক বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলা ও তীব্র আদর্শগত সংগ্রাম এখন সময়ে দাবি।
বাম রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে এসব কথা বলা হয়েছে। রাজধানীসহ সারা দেশে বর্বরোচিত জঙ্গি হামলার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে বাম রাজীনৈতিক দলুগলির নেতৃবৃন্দ এসব কথা বলেন।
শনিবার সিপিবি’র কেন্দ্রীয় কমিটির ঢাকাস্থ সদস্যদের এক জরুরি সভায় জঙ্গি হামলায় নিহত বিদেশি ও দেশি নাগরিক এবং পুলিশ বাহিনীর সদস্যদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাদের পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানানো হয়।
সভায় সিপিবি’র নেতৃবৃন্দ বলেন, সিপিবি-উদিচি-ছায়ানটে বোমা হামলা থেকে শুরু করে একের পর এক গুপ্তহত্যা দেশী-বিদেশী চক্রান্তেরই অংশ। নেতৃবৃন্দ সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সভায় জঙ্গিবাদবিরোধী জাতীয় গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য সব মহল এবং দেশবাসীর প্রতি আহবান জানানো হয়।
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মনজুরুল আহসান খান, হায়দার আকবর খান রনো, শামছুজ্জামান সেলিম, আহসান হাবিব লাবলু, অধ্যাপক এম এম আকাশ, কাফি রতন, মোজাম্মেল হক তারা, অধ্যাপিকা এ এন রাশেদা, মাহাবুব আলম, লুৎফর রহমান, রুহুল আমিন প্রমুখ।




