
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : আলফাডাঙ্গায় গ্যাসের সিলিন্ডার লিকেজ হয়ে পুড়ে যাওয়া চার ব্যক্তির বাড়িতে গিয়ে নগদ অর্থ ও শীতবস্ত্র (কম্বল) পৌচ্ছে দিয়েছেন ইউএনও রাসেল ইকবাল। তিনি জেলায় একটি মিটিংয়ে থাকলেও সেখান থেকে সরাসরি ওই বাড়িতে রবিবার বিকেল পৌনে ৫টার দিকে পৌচ্ছান। এর আগে এদিন সকাল ১১টার দিকে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া গ্রামের মন্ডলবাড়ীর এনায়েত মন্ডলের ঘরে গ্যাস সিলেন্ডারের লিকেজ থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ঘরে থাকা আসবাবপত্র, ইলেকট্রিক পণ্য ও নগদ অর্থ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া গ্রামের মন্ডলবাড়ীর এনায়েত মন্ডলের ঘর থেকে গ্যাসের সিলেন্ডার লিকেজ মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ঘন্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ওই বাড়িতে থাকা চারটি বসতঘর, একটি রান্না ঘর, বসতঘরে থাকা ইলেকট্রিক পণ্য, আসবাবপত্র ও নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানায়। আগুনে ক্ষতিগ্রস্থরা হলেন, ফলিয়া গ্রামের এনায়েত মন্ডল, তহিদুল ইসলাম মন্ডল, রবিউল মন্ডল ও এনামুল মন্ডল। তারা সর্বস্ব হারিয়ে এখন নিঃস্ব হয়ে গেছে। তবে তারা একই পরিবারের সদস্য। এ খবর পেয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাসেল ইকবাল জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি মিটিং শেষ করে ক্ষতিগ্রস্থদের বাড়িতে গিয়ে নগদ ২০ হাজার টাকা ও ১২টি শীতবস্ত্র (কম্বল) তাদের হাতে তুলে দেন।
এ ব্যাপারে আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার কহিনুর ইসলাম জানান, সকালে রান্না করার সময় গ্যাস সিলেন্ডার থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। এ অগ্নিকান্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ইউএনও রাসেল ইকবাল জানান, তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে একটি মিটিংয়ে ছিলেন। খবর পেয়ে জেলা থেকে সরাসরি ওই বাড়িতে গিয়ে ক্ষতিগ্রস্থদের নগদ অর্থ ও শীতবস্ত্র বিতরণ করেন। তিনি বলেন, তাদের ঘর করার জন্য ঢেউটিনসহ সার্বিক সহযোগিতা করা হবে।




