মহানগরশিরোনাম

মঙ্গলবার থেকে রাজধানীতে ইসির সাঁড়াশি অভিযান

মঙ্গলবার থেকে রাজধানী ঢাকার প্রতিটি থানা নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা প্রদান কার্যক্রম পর্যবেক্ষণে সাঁড়াশি অভিযান পরিচালনা করবে নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি বিভাগ। পর্যায়ক্রমে এই শুদ্ধি অভিযান সারাদেশব্যাপী পরিচালনা করা হবে বলে এনআইডি বিভাগ থেকে জানানো হয়েছে।
অন্যদিকে, জাল এনআইডি তদন্তে ইসির জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের এর পক্ষ থেকে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
জানা গেছে, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ এবং আইডিয়া প্রকল্পের কর্মকর্তাদের সমন্বয়ে মহাপরিচালক ও আইডিইএ প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলামের সভাপতিত্বে জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সংশ্লিষ্ট বিভাগ জানায়, গুলশান ও সবুজবাগ থানা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটরের জাল এনআইডি তৈরির ও জাল এনআইডির মাধ্যমে ব্যাংক থেকে লোন নেয়ার ঘটনা তদন্তে ইসির এনআইডি নিবন্ধন অনুবিভাগের এনআইডি উইং এর অপারেশন শাখা, আইটি বিভাগ এবং প্রোজেক্টের প্রতিনিধিদের সমন্বয়ে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে আগামী ৪ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি মিথ্যা তথ্য দিয়ে এনআইডি বানানো সন্দেহভাজন এমন ১৭টি এনআইডি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন সাপেক্ষে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
এদিকে, মাঠ পর্যায়ে জাতীয় পরিচয়পত্র সেবার মান বাড়াতে আরো বেশকিছু পদক্ষেপ নেয়া হচ্ছে। যা অচিরেই এনআইডি নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে অবহিত করবেন বলেও অনুবিভাগ থেকে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button