Uncategorized

মনিকগঞ্জে পুলিশ পরিচয়ে জিম্মি করে ছিনতাই

নিজস্ব প্রতিনিধি : মনিকগঞ্জে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক পরিবারকে জিম্মি করে নগদ ৫০ হাজার টাকা এবং বিকাশ অ্যাকাউন্ট থেকে আরো ১০ হাজার টাকা অন্য অ্যাকাউন্টে নিয়ে গেছে। শনিবার দিবাগত রাতে পৌর এলাকার পূর্বদাশড়ার ব্যবসায়ী নজরুল ইসলামের বাসায় এই ঘটনাটি ঘটে।
নজরুল ইসলাম জানান, তিনি গত দেড় বছর ধরে পূর্বদাশড়া এলাকার একটি একতলা পাকা ভবনের তিন কক্ষবিশিষ্ট একটি ভাড়া বাসায় স্ত্রী এবং দেড় বছরের শিশুকে নিয়ে বসবাস করছেন। শনিবার রাত সাড়ে নয়টার দিকে মুখে মাস্ক পড়া দুজন যুবক হঠাৎ তাঁর ঘরের ভিতর ঢুকে পড়ে। সিভিল পোশাকের ওই দুই যুবকের একজনের হাতে দুটি হ্যান্ডকাপ ছিল। তারা নিজেদের পুলিশ বলে পরিচয় দেয়। আধাঘন্টার বেশী সময় ধরে একজন ঘরে সার্চ করে জিনিসপত্র তছনছ করে, অন্যজন দরজার বাইরে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পরে বলে, কি আছে তাড়াতাড়ি বের করে দে, নইলে তোকে থানায় নিয়ে যাবো। তাঁর কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা নিয়ে নেয়। এরপর তাঁর মোবাইল থেকে বিকাশ অ্যাকাউন্টের গোপন নম্বর নিয়ে অন্য একটি অ্যাকাউন্টে ১০ হাজার পাঠিয়ে দেয় ।
তিনি আরও জানান , ‘সম্প্রতি তিনি সাটুরিয়া উপজেলায় গ্রামের বাড়ির ছয় শতাংশ জমি সাড়ে পাঁচ লাখ টাকায় বিক্রি করেন। প্রথমে পাঁচ লাখ টাকা পেয়ে তিনি তা তাঁর ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখেন। শনিবার বাকী ৫০ হাজার টাকা পেয়ে
সরাসরি বাসায় চলে আসেন। ওই দুই যুবক জমি বিক্রির পাঁচ লাখ টাকা কোথায় আছে সেটাও জানতে চেয়েছিল। সে ঘটনাটি মানিকগঞ্জ সদর থানার অফিসার-ইন-চার্জ আকবর আলী খানকে জানিয়েছেন ।
এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানার অফিসার-ইন-চার্জ আকবর আলী খান জানান, ঘটনাটি জানার পর পরই পুলিশ কাজ শুরু করেছে। অল্প সময়ের মধ্যেই এর রহস্য উদঘাটন এবং দোষীদের ধরতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button