গাজীপুরে ২৪ ঘণ্টায় ৯৩ জন করোনা আক্রান্ত

গাজীপুরে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। ইতোমধ্যে এ আক্রান্তের সংখ্যা প্রায় দেড় হাজারের কাছাকাছি। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৩ জন।
মোট ৪৮৯টি নমুনা পরীক্ষা করে এ ৯৩ জনের করোনা শনাক্ত হয়। এনিয়ে গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৩৪০ জনে।
মঙ্গলবার দুপুরে গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য জানান।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে গাজীপুর সিটি করপোরেশন ও সদরে ৬৪ জন, কালিয়াকৈরে ৭ জন, কালীগঞ্জে ৪ জন ও শ্রীপুরে ১৩ জন ও কাপাসিয়া উপজেলার ৫ জন রয়েছে।
গাজীপুরে মোট আক্রান্তদের মধ্যে কালিয়াকৈর উপজেলায় ১৩২ জন, কালীগঞ্জে ১৪৪, কাপাসিয়ায় ৯৬ জন, শ্রীপুর উপজেলায় ৯৩ জন ও গাজীপুর সদর উপজেলা ও সিটি এলাকা মিলে ৮৭৫ জন রয়েছেন।
করোনা আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মারা গেছেন ছয়জন। সোমবার পর্যন্ত সুস্থ হয়েছেন ২৮০ জন।
সিভিল সার্জন বলেন, গাজীপুর থেকে এখন পর্যন্ত ১১ হাজার ১৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট পজিটিভ এসেছে এক হাজার ৩৪০ জনের।




