বাঘায় পিস্তল ও গুলিসহ ২জন গ্রেফতার

সংবাদদাতা : রাজশাহীর বাঘায় গাঁজা, পিস্তুল ও গুলিসহ ফিরোজা বেগম নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার আড়ানী বাজারের পূর্ব দিকের বেইলী ব্রিজ সংলগ্ন তার বাড়ি থেকে গুলি, রামদা, গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। ফিরোজা বেগম আড়ানী পৌর বাজারের রাসেল আহম্মেদ ফিরোজের স্ত্রী।
জানা যায়, শুক্রবার রাত আড়াইটার দিকে আড়ানী জোতরঘু গ্রামের কুদ্দুস আলীর ছেলে খায়রুল ইসলামকে (২৫) গোপন সংবাদের ভিত্তিতে আড়ানী বাজার থেকে ৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
খায়রুল ইসলামের তথ্যে মতে অপর মাদক ব্যবসায়ী রাসেল আহম্মেদ ফিরোজ ও তার স্ত্রী ফিরোজা বেগমের নিকট থেকে ইয়াবা ক্রয় করা হয়েছে বলে পুলিশকে জানান। সে মোতাবেক রাসেল আহম্মেদ ফিরোজের বাড়িতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা, ৫ কেজি গাঁজা, ৬ রাউন্ড তাজা পিস্তুলের গুলি, ৬ রাউন্ড তাজা রাইফেলের গুলি, ১টি বড় রামদা উদ্ধার করা হয়। এ সময় ফিরোজা বেগমকে গ্রেফতার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসেল আহম্মেদ ফিরোজ পালিয়ে যায়।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের নামে মাদক ও অস্ত্র আইনে পৃথক ২টি মামলা রুজু করে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


