হংকং জয় করে ফিরেছে নারী ফুটবলাররা

দেশে ফিরেছে হংকংয়ে চার জাতির আমন্ত্রণমূলক টুর্নামেন্টে শিরোপা জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল। দেশের বাইরে প্রথম কোনো টুর্নামেন্টে থেকে শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শিরোপা জয়ী মেয়েদের বরণ করে নিতে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। হংকংকে ছয় গোলে হারিয়ে জকি ইয়ুথ ফুটবল টুর্নামেন্ট নামের আসরটির শিরোপা জয় করে বাংলাদেশের মেয়ে ফুটবলাররা। লিগ পদ্ধতির টুর্নামেন্টে বাংলাদেশ নিজেদের তিন ম্যাচের তিনটিতেই গোল উৎসব করে।
প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ১০-১ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ইরানকে হারায় ৮-১ গোলে। শুধু শিরোপাই নয়, টুর্নামেন্টের সেরা গোলদাতা ও সেরা খেলোয়াড়ের পুরস্কারও এসেছে বাংলাদেশের ঘরে। টুর্নামেন্টে ৮ গোল করে তহুরা খাতুন সর্বোচ্চ গোলদাতা ও ছয় গোল করে শামসুন্নাহার জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার।




