যুক্তরাষ্ট্র থেকে ৮০টি বিমান কিনবে ইরান

ইরানের রাষ্ট্রীয় বিমান সংস্থা ইরান এয়ার ৮০টি যাত্রীবাহী বিমান কেনার জন্য যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। গত ৩৫ বছরেরও বেশি সময় পর দুই দেশের মাঝে এতো বড় চুক্তি সম্পাদিত হলো।
যুক্তরাষ্ট্র থেকে ইরান এয়ারের ৮০টি বিমান কেনার খবরের সত্যতা নিশ্চিত করেছে দেশটির জাতীয় বার্তা সংস্থা ইরনা।
এছাড়া ইরনার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ওই ৮০টি বিমানের মধ্যে ৫০টি ৭৩৭ বিমান এবং ৩০টি ৭৭৭ বোয়িং বিমান। তবে এখনই বিমান হাতে পাচ্ছে না ইরান। আগামী দশ বছরে এইসব বিমান সরবরাহ করবে বোয়িং।
এদিকে বোয়িংয়ের সাথে ইরান এয়ারের ১৬.৬ বিলিয়ন ডলারের এই চুক্তি যুক্তরাষ্ট্র সরকার অনুমোদন করেছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মকাণ্ড সীমিত করার লক্ষ্যে গত বছর ইরান ও ছয় জাতি মিলে একটি চুক্তি সম্পাদন করে। তবে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তির বিরোধিতা করেছেন। এছাড়া সংখ্যাগরিষ্ঠ কংগ্রেসনাল রিপাবলিকানরা ইরানের সাথে বোয়িংয়ের এই চুক্তি বাতিল করার চেষ্টায় আছেন।




