শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় চক্রের আরও দুই সদস্য পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিযে যায়।
বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ওয়াসিম ফিরোজ। পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মোটরসাইকেল চুরির ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ওই জিডির সূত্র ধরে পুলিশ তদন্ত ও অভিযান শুরু করে। একপর্যায়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে তাঁদের আরও জিজ্ঞাসাবাদ করে চক্রের সঙ্গে জড়িত আরও কয়েকজনের সন্ধান পায় পুলিশ। অভিযান চালিয়ে তাঁদের মধ্যে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁদের বাড়ি থেকে আরও দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় চক্রের আরও দুই সদস্য পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আব্দুস সালাম, সোহেল রানা, আসিফ, মোহাম্মদ আলী, ইমন রেজা ও আশিক। তাঁদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। চোর চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা জানতে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। এ জন্য আদালতের মাধ্যমে তাঁদের রিমান্ডের আবেদন করা হবে।