
মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি; বালিয়াডাঙ্গীতে ২৫ পিস ইয়াবা, দুই বোতল ভারতীয় নেশাজাতীয় মনোগোল্ড সিরাপ ও একটি বাটন ফোনসহ মোঃ তৈমুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
সোমবার (১৭ আগস্ট) বিকেল ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ৩৭৯/২-এস থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উজিরমনি চোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
বিজিবি জানায়, সিভিল সোর্স ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমানের দিকনির্দেশনায় হাবিলদার মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক তৈমুর রহমান বালিয়াডাঙ্গী উপজেলার উজিরমনি চোষপাড়া গ্রামের মৃত শাহাদাত হোসেনের ছেলে। তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা, দুই বোতল ভারতীয় নেশাজাতীয় মনোগোল্ড সিরাপ এবং একটি সিমসহ বাটন ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের সিজার মূল্য ১০ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেছে সীমান্তরক্ষী বাহিনী।



