প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সালথায় বৃক্ষরোপণ

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ফরিদপুরের সালথা উপজেলার বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে সোমবার (৩ আগস্ট) দুপুর ১টায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিভাগদী শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তারিকুল ইসলাম, দাতা সদস্য আবু রাহাত খান সিরাজ, সালথা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ মহাবিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
কর্মসূচিতে অতিথিরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও এর আশপাশে সবুজায়ন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা সবাইকে অন্তত একটি করে গাছ লাগানো এবং রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অতিথিরা রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন এবং সরকারি এ বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।




