sliderস্থানিয়

দৌলতপুরে ইয়াবা ও মদসহ গ্রেপ্তার ১

কাউছার মিয়া,দৌলতপুর সংবাদদাতা:মানিকগঞ্জের দৌলতপুরে অভিযান চালিয়ে ১২৪ পিচ ইয়াবা ট্যাবলেট ও দুই বোতল মদসহ মোঃ রাসেল খান (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

জানাগেছে, দৌলতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বুধবার রাতে উপজেলার নয়াপাড়া এলাকা থেকে ১২৪ পিচ ইয়াবা এবং ২ বোতল মদসহ একজনকে আটক করলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুল্লাহ (২৫) নামের অপর এক মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত রাসেল খান টাঙ্গাইল জেলার নাগরপুর থানার বাদে বেহালী এলাকার মোঃ সোবাহান আলী খানের ছেলে। পলাতক আসামি আব্দুল্লাহ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নয়াপাড়া গ্রামের মৃত আঃ জব্বারের ছেলে।

পুলিশ জানায়, দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ হাবিবুল্লা আলীর নেতৃত্বে একটি আভিযানিক দল এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটিতে নিয়োজিত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, নয়াপাড়া এলাকায় আব্দুল্লাহর বসতবাড়িতে কয়েকজন মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে অফিসার ইনচার্জের নির্দেশনায় পুলিশ অভিযান চালালে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করে। এ সময় সঙ্গীয় ফোর্সের সহায়তায় রাসেলকে গ্রেপ্তার করা গেলেও আব্দুল্লাহ পালিয়ে যেতে সক্ষম হয়।

পরবর্তীতে ঘরে তল্লাশি চালিয়ে তোষকের নিচ থেকে ৩৭ হাজার ২০০ টাকা মূল্যের ১২৪ পিস (১২.৪ গ্রাম) ইয়াবা ট্যাবলেট এবং ৫ হাজার টাকা মূল্যের ১ লিটার দেশীয় মদ উদ্ধার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ শফিকুল আজম (লিটন) জানান, এ বিষয়ে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (মামলা নং-১৫) দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার সরকার জানান, অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button