slider

রাস্তা নির্মাণ করতে গিয়ে মার খেয়ে হাসপাতালে ইউপি সদস্য

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সরকারি রাস্তা তৈরি জন্য মাটি ফেলার কাজ করতে গিয়ে হামলার শিকার হয়েছে এক ইউপি সদস্য।

শুক্রবার (৫ মে) দুপুরে উপজেলার বালিয়াটি ইউনিয়নের চর ভাটারা এলাকায় এ হামলা হয়।

হামলায় আহত আবুল হোসেন সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, বালিয়াটি ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ডে চর ভাটরা এলাকায় স্থানীয় সাংসদ ও স্বাস্থ্য মন্ত্রীর বিশেষ বরাদ্দ হয়। এ উন্নয়ন কাজে ৩০০ মিটার গ্রামীণ রাস্তা নির্মাণ প্রকল্পের রাস্তা বানাতে ভেকু মেশিন নিয়ে পাশের জমি থেকে মাটি তোলা তদারকি করতে যান ইউপি সদস্য আবুল হোসেন। এ প্রকল্পটির সদস্য সচিব তিনি।

নির্মিত রাস্তাটির পাশের অন্যের জমি চাষ করা সুধীর ঋষির সাথে মাটি কাটা নিয়ে কথা কাটাকাটি হলে সুধীর ও তার ছেলে ইউপি সদস্য আবুলকে মারধর করেন।

পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাটুরিয়া ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

হাসপাতালে ভর্তি হওয়া ইউপি সদস্য আবুল হোসেন জানান, রাস্তাটি নির্মাণ করতে পাশের জমি থেকে মাটি কেটে আনা হচ্ছে। অন্যরা সহযোগীতা করলেও সুধীর রাস্তাটির পাশে অন্যের জমিতে বর্গা নিয়ে ধান বপন করেন। এখন ধান কাটার উপযোগী হয়েছে। তাকে ধান কেটে নিতে বললে তিনি ধান কেটে নিয়েছেন কিছু অংশের। আরো অল্প কিছু অংশের ধান কেটে নিতে বলতে তার সাথে কথা কাটাকাটি হয়। এ সময় তার ছেলে পেছন থেকে আমাকে হামলা করে মারধর করে আহত করে।

অভিযুক্ত সুধীরের বক্তব্য নিতে তার মোবাইলে কল দিলে মোবাইলটি বন্ধ পাওয়া গেছে। তবে স্থানীয় বালিয়াটি ইউপি চেয়ারম্যান মীর সোহেল চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ইউপি সদস্যকে উদ্ধার করে সাটুরিয়া হাসাপতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করছি।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, খবর পাওয়া মাত্র পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button