বিনোদন

সারদাকাণ্ড, মিঠুনের পর এবার টাকা ফেরত দিলেন শতাব্দী রায়

বলিউড, টালিউডের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর পর সারদাকাণ্ডে টাকা ফেরত দিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। ড্রাফটের মাধ্যমে ইডির কাছে টাকা ফেরত দিলেন অভিনেত্রী তথা বীরভূমের সাংসদ।
এর আগে, সারদার টাকা ফেরত দিতে চান, এই মর্মে ইডিকে চিঠি দিয়েছিলেন শতাব্দী রায়৷ তাঁকে হাজিরার নোটিশ পাঠায় ইডি৷ বলা হয় সারদা তদন্তে তাঁর হাজিরা প্রয়োজন৷ তবে সংসদে অধিবেশন চলার কারণ দেখিয়ে প্রতিবারই গরহাজির ছিলেন তিনি৷ জুলাই মাসে নোটিশ পাওয়ার পর শতাব্দী রায় একটি চিঠি দেন ইডির তদন্তকারী আধিকারিকদের৷ সেখানেই উল্লেখ করেছিলেন টাকা ফেরত দিয়ে দেবেন তিনি৷
শতাব্দী রায় বলেন, আজ টাকা ফেরত দিলাম ইডিকে। রোজ রোজ যেভাবে ডাকছে, এই হেনস্থার শিকার হতে ভাল লাগছে না। সম্মান নষ্ট হচ্ছে। আমরা শিল্পী মানুষ। রাজনীতির মানুষ হিসেবে তো কাজ করানো হয়নি আমাদের। শিল্পী হিসেবে কাজ করানো হয়েছে। শান্তি দরকার, তাই টাকা ফেরতের সিদ্ধান্ত নিলাম।
প্রসঙ্গত, সারদার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নেওয়া টাকা ফেরত দেওয়ার ইচ্ছাপ্রকাশ করে ইডিকে চিঠি লিখেছিলেন টলিউডের এই অভিনেত্রী। চিঠিতে বীরভূমের সাংসদ জানিয়েছিলেন, সারদার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ৪২ লক্ষ টাকা নেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু টিডিএস কেটে তিনি পেয়েছিলেন ২৯ লক্ষ টাকা। সেই ২৯ লক্ষ টাকাই ইডির হাতে শতাব্দী তুলে দিতে চান।
সংসদে অধিবেশন শেষের পরই ইডি দফতরে গিয়ে সেই টাকা ফেরত দিতে চান বলে চিঠিতে জানিয়েছিলেন শতাব্দী। এরপর ইডি দফতরে হাজিরা দিয়ে তৃণমূল সাংসদ জানিয়েছিলেন, ওই টাকা ফেরত দেওয়া নিয়ে কোনও কথা হয়নি। তবে শেষমেশ আজ টাকা ফেরত দিলেন শতাব্দী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button