slider
খাগড়াছড়িতে কোটা সংস্কারের দাবিতে মিছিল ও সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি : সারাদেশের কোটাবিরোধী আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে ঢাবি, জাবি, কুবি ও চবিসহ আন্দেলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের এক দফা দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুর ২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কোয়ার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে এসে প্রতিবাদ সমাবেশ করে তারা।
সমাবেশে বক্তারা অবিলম্বে সরকারি চাকরিতে যৌক্তিকভাবে কোটা সংস্কারের দাবি জানান। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা জানান তারা।



