বিনোদনশিরোনাম

আপিলে নিপুণ জয়ী, জায়েদের প্রার্থিতা বাতিল

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নিপুণ আক্তারকে জয়ী ঘোষণা করেছে নির্বাচনের আপিল বোর্ড। প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে আগে জয়ী ঘোষিত সাধারণ সম্পাদক জায়েদ খানের।
শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এফডিসিতে এই সিদ্ধান্তের কথা জানান আপিল বোর্ডের চেয়ারম্যান, চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান।
তিনি বলেন, জা‌য়ে‌দের প্রার্থিতা বাতিল হওয়ায় সাধারণ সম্পাদক পদে তার নিকটতম প্রার্থী নিপুণ‌কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হলো।
একই অভিযো‌গে কার্য‌নির্বাহী প‌রিষ‌দের সদস্য পদে নির্বাচিত চুন্নুর প্রার্থিতাও বাতিল করা হ‌য়ে‌ছে বলে জানান তিনি।
গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল শিল্পী সমিতির নির্বাচন। সেখানে সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করা হয় জায়েদ খানকে। সে ঘোষণা অনুযায়ী এটা ছিল তার টানা তৃতীয়বারের জয়। তবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নায়িকা নিপুণ অভিযোগ তোলেন, নির্বাচনে দুর্নীতি করেছেন জায়েদ। টাকা দিয়ে ভোটও নাকি কিনেছেন।
এসব অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলনও করেছিলেন নিপুণ। লিখিত অভিযোগ জানান নির্বাচনের আপিল বোর্ডের কাছেও। এরপরই বোর্ডকে বিষয়টির সুরাহা করার দায়িত্ব দেয় সমাজকল্যাণ মন্ত্রণালয়।
এজন্য শনিবার বিকেলে বৈঠক ডাকে আপিল বোর্ড। এতে নিপুণ অংশ নিলেও জায়েদ ছিলেন অনুপস্থিত। তার অনুপস্থিতিতেই সোহানুর রহমান সোহান ঘোষণা করেন, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান থাকছেন না। নির্বাচনে অনিয়ম করার অভিযোগে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। তার পরিবর্তে অপর প্রার্থী নিপুণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
উল্লেখ্য, সর্বশেষ নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন।
শিল্পী সমিতির এই নির্বাচনে ভোটারের সংখ্যা ছিল ৪২৮ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৬৫ জন। নির্বাচনে ১৯১ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন ইলিয়াস কাঞ্চন। তার প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে ঘোষিত ফল অনুযায়ী বিজয়ী জায়েদ খান পেয়েছেন ১৭৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী নায়িকা নিপুণ পান ১৬৩ ভোট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button