মানিকগঞ্জ প্রতিনিধি: অপহরণের দীর্ঘ ৯ দিন পেরিয়ে গেলেও বিবিএ পড়ুয়া কলেজছাত্র রিদোয়ান আনসারীকে (২৫) আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করতে না পারায় মানববন্ধন করেছেন মানিকগঞ্জের সাধারণ মানুষ।
সোমবার (২ নভেম্বর) দুপুরে রিদয়নের স্বজন, এলাকাবাসী ও সহপাঠীদের উদ্যোগে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে ক্ষুব্ধ এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনের উদ্দেশ্যে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। বক্তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, কলেজছাত্র রিদোয়ানকে সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধার করা না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের মতো কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
বানিয়াজুরী বাসস্ট্যান্ডে আয়োজিত এই মানববন্ধনে সংহতি প্রকাশ করেন বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু, বুরো অব সোশ্যাল ওয়াজের প্রেসিডেন্ট নুর ইসলাম সত্তার, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক ইঞ্জিনিয়ার ড.মো.ফারুক হোসেন, রিদোয়ানের চাচা আব্দুল হান্নান আনসারীসহ এলাকার শিক্ষক শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় বক্তারা অবিলম্বে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে রিদয়নকে উদ্ধারের জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তাড়াইল গ্রামের মৃত আব্দুল মান্নান আনসারীর ছোট ছেলে রিদোয়ান আনসারী পরিবারের সঙ্গে রাজধানীর ঢাকার নিউ ইস্কাটন এলাকায় বসবাস করতেন। বিবিএ পড়ার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কালিয়াকৈর থানাধীন সফিপুর এলাকায় বড় বোনের বাসা থেকে ঢাকার মগবাজারের উদ্দেশ্যে রওনা হন রিদোয়ান। ওই দিন রাত সাড়ে ৯টার দিকে বড় ভাই শাহরিয়ার আনসারীর সঙ্গে তার শেষ কথা হয়। এর পর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি সম্পূর্ণ বন্ধ পাওয়া যায়। স্বজনেরা রাতভর হাসপাতাল ও সম্ভাব্য সমস্ত স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
ঘটনার পরদিন ২৫ অক্টোবর ভোর ৫টা ৩৯ মিনিটে একটি অপরিচিত নম্বর থেকে শাহরিয়ারের মোবাইলে একটি কল আসে। অপহরণকারীরা রিদোয়ানকে জিম্মি করার কথা জানিয়ে প্রমাণস্বরূপ কয়েক সেকেন্ডের জন্য তার সঙ্গে স্বজনদের কথা বলিয়ে দেয়। এ সময় রিদোয়ানকে জীবিত ফেরত পাওয়ার শর্ত হিসেবে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তারা। জীবন বাঁচাতে দিশেহারা স্বজনেরা বাধ্য হয়ে অপহরণকারীদের দেওয়া বিভিন্ন বিকাশ ও নগদ নম্বরে দফায় দফায় মোট ৪০ হাজার টাকা পাঠিয়ে দেন। কিন্তু অপরাধীরা টাকা পাওয়ার পরও তাকে মুক্তি না দিয়ে উল্টো যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।
এ ঘটনায় ভুক্তভোগীর খালাতো ভাই ফয়সল মাহমুদ গত ২৫ অক্টোবর গাজীপুরের কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে দ্রুত আইনি পদক্ষেপ ও অপহৃতকে উদ্ধারে এসআরবি (খিলগাঁও ক্যাম্প)-এর কোম্পানি কমান্ডার বরাবর একটি লিখিত অভিযোগও দেওয়া হয়।
তবে ঘটনার ৯ দিন পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রিদোয়ানকে উদ্ধার করতে না পারায় আজ এই তীব্র ক্ষোভ ও মানববন্ধনের সৃষ্টি হয়।
এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির বলেন, কলেজছাত্র রিদোয়ান অপহরণ হওয়ার পর গাজীপুরের কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই থানা থেকেই তারা তদন্ত করছেন। আর আজ রিদোয়ানের আত্মীয়-স্বজন ও এলাকাবাসী শান্তিপূর্ণভাবে বানিয়াজুরী এলাকায় একটি মানববন্ধন করেন।
এ ব্যাপারে গাজিপুরের কালিয়াকৈর থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, এটা নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও এসআরবিসহ সবাই কাজ করছি।

